শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুর ২টার পর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে এই অবরোধ শুরু হয়, যাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার রাতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকেই বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে তারা মোড়ের সব পথ বন্ধ করে মাঝখানে অবস্থান নেন। ফলে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল, মৎস্যভবন ও এলিফ্যান্ট রোডমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে বসে থাকা নেতাকর্মীরা নানা স্লোগানে এলাকা মুখরিত করেছেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’—এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ।
নিরাপত্তার স্বার্থে এলাকায় বিজিবি ও পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে শুক্রবার থেকে শাহবাগে টানা অবস্থান করছিল সংগঠনটি। শনিবার রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর প্রতিশ্রুতির পর রাতের অবরোধ স্থগিত করা হয়। তিনি হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দেন।
ঘোষণা অনুযায়ী রোববার দুপুর থেকে ঢাকাসহ অন্য বিভাগীয় শহরে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্য দিয়ে হাদি হত্যার বিচারের দাবি আরও জোরালো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।