ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সঠিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যদি এখন তাদের অবস্থান জানতাম, তাহলে তো ধরে ফেলতাম। তারা দেশের মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু সঠিক স্থান জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে তাদের ধরে ফেলত।”
উপদেষ্টা আরও জানান, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে যে ফয়সালকে চিহ্নিত করা হয়েছে, তার খোঁজে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই ব্রিফিংয়ে নিজের পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।”
উল্লেখ্য, রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শরিফ ওসমান হাদিকে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তদন্তে অগ্রগতি নিয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা এখনও অটুট রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।