সকল মেনু

নেত্রকোণায় বিক্ষোভে উত্তাল; উসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান বিন হাদীর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার বিভিন্ন উপজেলায় ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ ও আসরের পর পৃথক পৃথকভাবে জেলার কেন্দুয়া, দুর্গাপুর ও কলমাকান্দায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা এসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান।
​কেন্দুয়ায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ।

কেন্দুয়া উপজেলা শাখা ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দুয়া সরকারি জয়হরী স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোণা-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন সুলতান বলেন, “শরীফ উসমান বিন হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।

এছাড়া জুলাই বিপ্লবের চেতনায় আঘাতকারী ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদেরও দ্রুত গ্রেফতার করতে হবে।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম জিহাদি, মো. আতিকুর রহমান কাদরী এবং মো. কিরন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কলমাকান্দায় ‘জুলাই আন্দোলনের স্বপক্ষ শক্তি’র মিছিল:

​কলমাকান্দায় ‘জুলাই আন্দোলনের স্বপক্ষ শক্তি’র ব্যানারে আট দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​বক্তারা সম্মিলিত কণ্ঠে বলেন, “জুলাই বিপ্লবের এতো ত্যাগের পরও আমরা পুরোপুরি নিরাপদ নই। বিচারহীনতার সংস্কৃতি চললে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে।”

​দুপুরে দুর্গাপুর পৌর শহরের কাচারী মাদরাসার সামনে ইসলামী সমমনা আট দলীয় জোটের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাওলানা হাবিবুর রহমান ও রুহুল আমীন সিরাজী বলেন, “উসমান হাদীর হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ বিচার প্রক্রিয়ায় গড়িমসি করে দায়ীদের রক্ষার অপচেষ্টা চলছে। ফাঁসি ছাড়া জনগণ এই হত্যার অন্য কোনো রায় মেনে নেবে না।” তারা হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 নেত্রকোণার এই বিক্ষোভ মিছিলগুলোতে কয়েক শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সব স্থান থেকেই বক্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×