প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সম্পাদকদের ফোন করে গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতের এই বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি দুই পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে একটি বিরাট বাধা।
অধ্যাপক ইউনূস সম্পাদকদের আশ্বস্ত করে বলেন, এই দুঃসময়ে সরকার তাঁদের পাশে আছে। তিনি সংবাদপত্র দুটির প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া খুব শিগগিরই এই দুই সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতকারী সংবাদপত্র দুটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।