সকল মেনু

ঝিগাতলা হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমির মরদেহ উদ্ধার

রাজধানীর ঝিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা পুরনো কাঁচাবাজার সংলগ্ন ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’ থেকে তার মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ।

নিহত জান্নাত আরা রুমি এনসিপি’র ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের কন্যা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন রুমি। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তবে দুই স্বামীর সাথেই তার বিচ্ছেদ হয়েছিল এবং সন্তানরা নওগাঁয় গ্রামের বাড়িতে থাকতো। তিনি ঝিগাতলার ওই হোস্টেলে একাই থাকতেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকালে হোস্টেলের গৃহকর্মী রুমির কক্ষের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×