সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তার মস্তিষ্কে বিদ্ধ হওয়া গুলির অংশটি দ্রুত অপসারণ করা জরুরি হয়ে পড়েছে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে উদ্বেগের বিষয় হলো, মস্তিষ্কের এই অত্যন্ত জটিল অস্ত্রোপচারের ধকল সওয়ার মতো শারীরিক সক্ষমতা হাদি এখনো অর্জন করতে পারেননি। চিকিৎসকদের মতে, হাদির শরীর বর্তমানে অস্ত্রোপচারের উপযোগী না হওয়ায় তারা অপেক্ষা করছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতাল সংশ্লিষ্ট এবং হাদির চিকিৎসার দেখভালের দায়িত্বে থাকাদের কাছ থেকে জানা গেছে যে, তাকে আরও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে অন্য দেশে স্থানান্তর করা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জীবনসংহারী হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারণা, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই হাদির পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব এবং এখনই তাকে অন্যত্র সরিয়ে নেওয়া ঠিক হবে না।
বর্তমানে হাদির শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ও সক্রিয় থাকলেও প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে মস্তিষ্কের আঘাতটি। চিকিৎসকরা জানিয়েছেন যে, আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা শেষে এবং হাদির শরীরের সক্ষমতা বিবেচনায় নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো বিষয়টি এখন সময়ের ওপর নির্ভর করছে। ইনকিলাব মঞ্চের এই তরুণ নেতার জীবন বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, আর তার দ্রুত সুস্থতার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দেশবাসী।
এদিকে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছিল। ইনকিলাব মঞ্চের সদস্যরা জানিয়েছেন যে হাদির সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে এবং তারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচারের দাবি অব্যাহত রাখবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।