ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি জানিয়েছেন, সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে।
রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন সাদিক কায়েম। পোস্টে তিনি ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কথা জানান। তিনি ছাত্রজনতাকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে ডাকসুর ভিপি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং একটি অশনিসংকেত। তিনি দাবি করেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা আসন্ন নির্বাচন প্রতিহত করতে নানা কর্মসূচি ও হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, প্রার্থীর ওপর এ ধরনের হামলা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত গুলিবর্ষণকারীকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং এই ঘটনার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে, দলমত নির্বিশেষে মাঠে থাকা সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।