সকল মেনু

গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে মাওলানা মাদানী উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং নিজেকে গোনাহ থেকে দূরে রাখতেই তিনি জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, “সমাজে অনেকে বিবাহিত হওয়া সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি, বরং আল্লাহর বিধান অনুযায়ী হালাল পথকেই বেছে নিয়েছি।”

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, যা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি বিষয়টি সহজভাবে গ্রহণ করেন।”

তিনি আরও জানান, তাদের আড়াই বছরের বৈবাহিক জীবনে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন। তবে এখন তিনি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।

ইসলামি শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে ইনসাফ বা সমতা রক্ষা করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেন, “আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তাওফিক দেন, যাতে আমি কারও হক নষ্ট না করি এবং কারও ওপর জুলুম না করি।”

পোস্টের শেষ অংশে মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার দুই পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং এই পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দান করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×