সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি সামান্য পরিবর্তিত হতে পারে।
জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট। এই উড়োজাহাজটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত এই মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী।
খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রা-সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে জানান, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও দুই দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর।
সূত্রের মতে, গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তাঁর অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই লক্ষণীয় নয়; সবকিছু অনেকটা অপরিবর্তিত রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/08/newsid-693/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ