নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বাদ আছর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়।
নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও পৌরসভা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

দোয়া মাহফিল আয়োজনে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন এবং সাধারণ সম্পাদক ফারুক মীর (সুহেল)। অনুষ্ঠান চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার আপসহীন ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।
বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সক্রিয় নেতৃত্ব জরুরি। তার দ্রুত আরোগ্যের মাধ্যমে দেশবাসী পুনরায় আশার আলো দেখতে পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সবশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে নেত্রকোনা জেলা তাঁতীদলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/07/newsid-684/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ