রাজধানীর সবজির বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বেশির ভাগ সবজির দাম বেড়ে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। পাশাপাশি পেঁয়াজ, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের বাজারও চড়া রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৮০ টাকা এবং টমেটো ১৬০ থেকে ২০০ টাকা। করলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি। পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় উঠেছে। এছাড়া কচুর লতি ও কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক হালি লেবুর দাম ১৫ থেকে ৩০ টাকা। দেশি ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা এবং কেপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের মধ্যে লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউশাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম কম নয়। চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজি। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি। অন্যদিকে রূপচাঁদা, বড় শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের হাজার টাকার বেশি গুনতে হচ্ছে। ইলিশের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে সোনালি প্রতি কেজি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারেও দাম ঊর্ধ্বমুখী। এক ডজন লাল মুরগির ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিম প্রতি হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম প্রতি হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/rajdhani/2026/07/31/newsid-6540/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৮-২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ