চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রিদুয়ানুল হক (২২) নামে এক তরুণ রাজমিস্ত্রীর অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এতে রিদুয়ান নিহত হন এবং তার সাথে থাকা বন্ধু গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে লোহাগাড়া পুটিবিলা ইউনিয়নের বিবিসি ইটভাটার সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুটিবিলা নালার কুল এলাকার বাসিন্দা আজিজুল হকের পুত্র রিদুয়ানুল হক তার বন্ধু মুকিতকে নিয়ে মোটর বাইকে চড়ে লোহাগাড়া বটতলী স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতিতে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিদুয়ান ও মুকিত। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক রিদুয়ানুল হককে মৃত ঘোষণা করেন। নিহত রিদুয়ান পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
এদিকে, দুর্ঘটনায় রিদুয়ানের সাথে থাকা মুকিতও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মুকিতের অবস্থা আশঙ্কাজনক।
একসঙ্গে দুই বন্ধুর মর্মান্তিক দুর্ঘটনা এবং রিদুয়ানের অকাল মৃত্যুতে পুটিবিলা নালার কুল এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2025/12/06/newsid-652/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ