ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আইন অমান্য করে রাতের আঁধারে একটি ফসলি জমি কেটে বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার দুলাল গং-এর বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানিয়েছে, জমির মালিকের অনুমতি ছাড়াই দুলাল ও তার লোকজন জোরপূর্বক জমি থেকে মাটি কেটে একটি রাস্তা তৈরি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মেহেন্দিগঞ্জের সাবেক ইউপি সদস্য সালামের সঙ্গে দুলালের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।
সালাম অভিযোগ করে বলেন, “দুলাল এবং তার সহযোগী কালাম আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু প্রতিটি মামলাতেই আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। সর্বশেষ থানায় বসা বশির পর তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরই মধ্যে রাতের আঁধারে আমার ফসলি জমি কেটে রাস্তা তৈরি করে।”
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন চৌকিদার জানান, রাতে ঘটনাস্থলে গিয়ে দুলালকে কাজ বন্ধ করতে বললেও তিনি তা অমান্য করেন এবং কাজ চালিয়ে যান। এরপর পুনরায় লোক পাঠিয়েও তাকে কাজ বন্ধ করানো সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে দুলালের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বলেন, “জমিটা আমাদের। আগেও এই পথ দিয়েই যাতায়াত ছিল। নিচু হয়ে যাওয়ায় আমরা একটু উঁচু করছি মাত্র। উল্টো সালাম মেম্বার আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।” এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2025/12/03/newsid-600/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ