NABO NEWS24
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ণ

বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে আজ গণশুনানি

লেখক: নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার মীরবাড়ী, সীমান্ত এবং দিগন্ত—এই তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল দশটায় গণশুনানি অনুষ্ঠিত হবে। স্থানীয় জনগণের সুচিন্তিত মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির ওপর ভিত্তি করে নতুন নামকরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, এই তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনের জন্য গত শুক্রবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসককে সরাসরি ফোন দেন। পরবর্তী সময়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর গত রোববার দুপুরে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তিন ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে তিন ইউনিয়নের প্রশাসকদের প্রধান করে নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি গঠন করা হয় এবং মঙ্গলবার সকাল দশটায় গণশুনানির সময় ধার্য করা হয়।

মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, তাদের গণশুনানি সকাল দশটায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে এলাকায় মাইকিং এবং হাটবাজারসহ জনবহুল স্থানে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে সীমান্ত ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তাদের শুনানি সকাল দশটায় মোকামতলার সৈয়দপুরে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া দিগন্ত ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তাদের শুনানি একই সময়ে মোকামতলার ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিতর্কিত নামগুলো বাতিল করে এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিল রেখে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নামকরণ করা হবে। তিনি এলাকার সর্বস্তরের জনগণকে গণশুনানিতে উপস্থিত থেকে সুচিন্তিত প্রস্তাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/23/newsid-5070/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ