অস্ট্রিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগের দিন দারুণ এক সুখবর পেল আর্জেন্টিনা শিবির। রোববার কানসাসে দলের শেষ অনুশীলনে প্রথমবারের মতো ২৬ জন খেলোয়াড়ের সবাইকে একসঙ্গে মাঠে পাওয়া গেছে। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পর থেকে এই প্রথম পুরো দল কোনো চোটের সমস্যা ছাড়া একসাথে অনুশীলনে অংশ নিল।
এতদিন চোটের কারণে স্কোয়াডের কাউকে না কাউকে আলাদাভাবে অনুশীলন করতে হয়েছে। শুরুতে লিয়ান্দ্রো পারেদেস, এরপর নিকোলাস তালিয়াফিকো এবং সবশেষে গনজালো মন্তিয়েল মূল দল থেকে আলাদা ছিলেন। তবে রোববারের অনুশীলনে তারা সবাই পুরোদমে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে রাইটব্যাক গনজালো মন্তিয়েলকে নিয়ে। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এতদিন কিছুটা কম লোডে অনুশীলন করছিলেন তিনি। তবে রোববার দলের সঙ্গে পুরোদমে মাঠে নেমে নিজের শতভাগ ফিটনেসের জানান দিয়েছেন এই ডিফেন্ডার।
অন্যদিকে, সুখবর রয়েছে নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাম পায়ের পেশির চোটের কারণে তিনি মাঠে নামতে পারেননি। চোট কাটিয়ে এখন স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন এই লেফটব্যাক। ফলে সোমবারের ম্যাচে বেঞ্চে থাকার পাশাপাশি কিছুটা সময় মাঠে নামার সম্ভাবনাও তৈরি হয়েছে তার। তবে প্রথম ম্যাচে ফাকুন্দো মেদিনা দারুণ পারফর্ম করায়, তালিয়াফিকোকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টাইন কোচিং স্টাফ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/sports/2026/06/22/newsid-5039/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ