NABO NEWS24
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ

মেসির সামনে ২০০ ম্যাচের মাইলফলক, কাল মাঠে নামছে আর্জেন্টিনা

লেখক: স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের চলতি আসরে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দেশের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার ঐতিহাসিক নজির গড়ার পথে রয়েছেন এই ফুটবল জাদুকর। গত আসরে মেসির নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল আর্জেন্টিনা। এবারও সেই সোনালী ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে খেলতে নেমেছে আলবিসেলেস্তেরা।

আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি বলেন, আমরা পুরোপুরি শান্ত থাকার চেষ্টা করছি। একটি বেশ ভালো দলের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে। তবে দল হিসেবে আমরা এখন ঠিক জায়গায় রয়েছি এবং প্রত্যেকে দেশের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত। ফলাফলের কথা ভেবে আগে থেকেই বাড়তি চাপ নিতে চাই না, বরং নিজেদের মূল লক্ষ্যের প্রতি অবিচল ও কাজের প্রতি দায়বদ্ধ থাকাই আমাদের মূল উদ্দেশ্য।

লিওনেল মেসির বর্তমান অবস্থা নিয়ে কোচ আশ্বস্ত করে বলেন, মেসি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে। ও আমাদের দলের জন্য কতটা অপরিহার্য, তা নতুন করে বলার কিছু নেই। ও এখন বেশ ভালো ছন্দে রয়েছে এবং প্রথম ম্যাচে ওর সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। মেসির পাশাপাশি দলের বাকি সবাইও এই ম্যাচের জন্য প্রস্তুত এবং স্কোয়াডের ছোটখাটো যে চোট সমস্যাগুলো ছিল, তা আমরা কাটিয়ে উঠেছি।

মেসির ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে স্কালোনি আরও যোগ করেন, শুধু আর্জেন্টিনার মানুষেরাই নন, বরং গোটা পৃথিবীর মানুষ মেসির খেলা দেখার জন্য মুখিয়ে আছেন। সবাই ওকে মাঠে দেখতে চান, কারণ মেসির প্রভাব শুধু নিজ দেশে নয়, পুরো পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে। মেসি সম্পর্কে নেতিবাচক কিছু বলার মতো নেই, ও সবসময় দলের ছায়ার মতো পাশে থাকে এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

ইনজুরি কাটিয়ে দলে ফেরা তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস প্রসঙ্গে কোচ জানান, সে এখন একদম ঠিক আছে এবং আমার মনে হয় আগামীকাল ও মাঠে নামবে। সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে। তবে আমরা ম্যাচে যেকোনো ধরনের বৈচিত্র্য ও পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। মাঠে যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে, তা সামলানোর সব রকম প্রস্তুতি আমাদের রয়েছে। গত কয়েক বছর ধরে আমরা যেভাবে আধিপত্য বিস্তার করে ফুটবল খেলছি, এবারও সেটাই মাঠে বজায় রাখতে চাই।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/06/16/newsid-4952/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ