ময়মনসিংহের ভালুকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজারসংলগ্ন ‘বিল্লাল এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গোডাউনের পেছনের অংশে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন ও লিলি আক্তার জানান, আগুন লাগার সময় আশপাশের লোকজন দোকানের সামনে খেলা দেখছিলেন। গোডাউনে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকায় এটি পরিকল্পিত কোনো নাশকতা কি না, তা নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ দেখা দিয়েছে।
গোডাউনের স্বত্বাধিকারী মো. বিল্লাল হোসেনও পূর্বশত্রুতার জেরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার এই গোডাউনে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা আমাদের জানা নেই। আগুনে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/06/15/newsid-4917/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ