NABO NEWS24
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামানোর বিস্ফোরক বার্তা সাবেক প্রধানমন্ত্রীর

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহু যদি আসন্ন সাধারণ নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, তবে প্রয়োজনে লাঠি ও পাথর দিয়ে তাকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে অপসারণ করা হবে। রোববার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এহুদ বারাক আশঙ্কা প্রকাশ করে বলেন, নেতানিয়াহু খুব সহজেই নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করতে পারেন। আর তিনি এমন কিছু করলে ইসরাইলের জনগণের সামনে লাঠি-পাথর হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এহুদ বারাক দাবি করেন, লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করার মাধ্যমে নেতানিয়াহু এই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারেন, যার ফলে হিজবুল্লাহ ও ইরান পাল্টা আঘাত হানার সুযোগ পাবে। তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু আসলে একটি অন্তহীন ও চিরস্থায়ী যুদ্ধ চান, কারণ তিনি ভালো করেই বোঝেন যে যুদ্ধ শেষ হলেই তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া গতি পাবে। ঠিক যেভাবে তিনি হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি আটকে দিয়েছিলেন, একইভাবে তিনি লেবাননের সাথে শান্তি অগ্রগতির পথও রুদ্ধ করে রেখেছেন।

বর্তমানে ৭৬ বছর বয়সি নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ইসরাইলের ক্ষমতায় আছেন, যাকে দেশটির ইতিহাসের সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার বলা হয়। দেশটিতে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু বর্তমানে ইসরাইলের আদালতে দুর্নীতির অভিযোগে বিচারাধীন রয়েছেন এবং গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে।

সাক্ষাৎকারে এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সম্ভাব্য শান্তি চুক্তিরও তীব্র সমালোচনা করেন। এক শব্দে এটিকে খারাপ এবং দুই শব্দে খুব খারাপ বলে অভিহিত করে তিনি বলেন, নেতানিয়াহুর অহংকার ও দূরদর্শিতার অভাবের কারণেই আজ ইসরাইলকে এই মূল্য চকাতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কোনো লক্ষ্যই ইসরাইল অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

এহুদ বারাকের এমন মন্তব্য সামনে আসার পরপরই নেতানিয়াহুর রাজনৈতিক মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির আইনপ্রণেতা এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে এহুদ বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বিসমুথ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বারাককে প্রথমে একজন মানসিক ডাক্তারের কাছে পাঠানো উচিত, আর তিনি যদি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তবে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা দরকার।সূত্র: আনাদোলু এজেন্সি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/15/newsid-4906/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ