পটুয়াখালীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল গাজী নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক দুলাল গাজী পেশায় একজন ট্রলারচালক এবং তার বাড়ি একই এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় শিশুটি নিজ বাড়িতে খেলা করছিল। সেই সুযোগে দুলাল গাজী তাকে কৌশলে পাশের একটি খালি বাড়িতে নিয়ে যায় এবং মুখে কাপড় চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুলাল গাজীকে হাতেনাতে ধরে ফেলে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর পর ধর্ষণের বিচার দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী শিশুটির মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে আইনগত ব্যবস্থা ও নিয়মিত মামলা গ্রহণ করা হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/06/15/newsid-4903/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ