নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান (মতি) আর আমাদের মাঝে নেই। গত ১৩ জুন ২০২৬, শনিবার, বিকাল সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার রাত ১০টা ১৫ মিনিটে নিজ গ্রাম মজলিশপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) মো: নাঈম-উল ইসলাম চৌধুরী। এরপর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভুঁঞা (নুরু), সদস্য সচিব আব্দুল কদ্দুছ খন্দকার (লাল চাঁন) সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমিন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/uncategorized/2026/06/15/newsid-4899/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ