নেত্রকোণার কেন্দুয়ায় সাত বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে কেন্দুয়া পৌর শহর থেকে তাঁকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল ভূঞা ছোবহানের ছেলে। পেশায় গ্রাম পুলিশ সাইদুল বর্তমানে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১১ জুন রাত সাড়ে আটটার দিকে শিশুটির মা স্থানীয় দোকানে কেনাকাটার জন্য বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত বাবা নিজ মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালান। ঘটনার রাতে শিশুটি ভয়ে কিছু না বললেও পরের দিন ১২ জুন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে সে পুরো বিষয়টি তার মাকে খুলে বলে। এরপর ১২ জুন দিবাগত রাত ১২টার পর শিশুটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অভিযুক্ত সাইদুল ইসলাম ব্যক্তিগত জীবনে ১০ সন্তানের জনক এবং তিনি দুটি সংসার করছেন। প্রথম সংসারে তাঁর ৩ মেয়ে ও ২ ছেলে এবং দ্বিতীয় সংসারে ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ভুক্তভোগী শিশুটি তাঁর দ্বিতীয় সংসারের সন্তান।
অভিযান পরিচালনাকারী মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির জন্মদাতা পিতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/06/14/newsid-4865/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ