বিশ্ব খুব শিগগিরই ইরানের বিজয় এবং প্রতিরোধ শক্তির (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) অসামান্য সাফল্যের প্রতিধ্বনি শুনতে পাবে বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। একই সঙ্গে তিনি ইহুদিবাদী ইসরাইলকে একটি ‘আগ্রাসী শত্রু’ হিসেবেও আখ্যায়িত করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় পাঠানো বিশেষ বার্তায় জেনারেল আবদোল্লাহি এসব কথা বলেন।
বার্তায় তিনি উল্লেখ করেন, জেনারেল রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে এই আত্মত্যাগ একই সঙ্গে দেশের প্রতিরোধক্ষমতা ও জাতীয় শক্তির অনন্য প্রমাণ দিয়েছে।
শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে আলি আবদোল্লাহি বলেন, “দুর্বল ও লোভী শত্রু ভেবেছিল যে ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের সামগ্রিক প্রতিরক্ষা-সংকল্পে ফাটল ধরানো যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন।”
তিনি আরও দাবি করেন, রশিদের দেখিয়ে যাওয়া দূরদর্শী ও কৌশলগত পথ অনুসরণ করেই ইরানের সশস্ত্র বাহিনী আজ শত্রুর তথাকথিত ‘জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ’ (কগনিটিভ ওয়ারফেয়ার) অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/06/13/newsid-4832/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ