ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ছেড়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট রাজি হয়েছেন বলে দাবি করেছে তেহরান। শুক্রবার (১২ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে। তবে একই দিনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের মাধ্যমে ইরানে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের এই সম্মতির কথা জানান। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দেশের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা এমন এক উচ্চতায় পৌঁছেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প এখন তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতেও দ্বিধাবোধ করছেন।
রেজায়ি তার বক্তব্যে মার্কিন নীতিনির্ধারণে ইসরায়েলের অতিরিক্ত প্রভাবের তীব্র সমালোচনা করেন। বিভিন্ন শক্তিশালী লবিংয়ের কারণে যুক্তরাষ্ট্র কার্যত ‘জায়নিস্ট শাসনের উপনিবেশে’ পরিণত হয়েছে বলেও তিনি অভিযোগ আনেন।
এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ৩ বিলিয়ন ডলারসহ মোট একটি বড় অঙ্কের তহবিল ইরানে স্থানান্তর করা হয়েছে। তবে শুক্রবার এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই ধরণের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে মুক্ত বা স্থানান্তর করা হয়নি এবং এ ধরনের কোনো প্রক্রিয়ায় ইউএই সহায়তাও করেনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি ও সংঘাতের অবসান নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনের সাথে প্রস্তাবিত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে ইরান-সংক্রান্ত সব আঞ্চলিক সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে, যার মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে এই চুক্তি ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পথকে আরও সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/06/13/newsid-4816/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ