চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বাংলাদেশের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে চীনা প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ (কানেক্টিভিটি) বৃদ্ধির মাধ্যমে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে আরও ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল ও সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
চীনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াং নিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়ায়োং, পররাষ্ট্র বিষয়ক মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা খাতের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য খাতের মহাপরিচালক লি চাউইয়ে এবং স্বাস্থ্য খাতের মহাপরিচালক শি জানবিন।
বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক বিনিয়োগ এবং রোড কানেক্টিভিটি বা সড়ক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন।
ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দল বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে উভয় পক্ষই ঐকমত্যে পৌঁছেছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/06/12/newsid-4785/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ