ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর ইরানও পাল্টা আঘাত হেনেছে।
বুধবার গভীর রাতে মার্কিন সামরিক বাহিনী এই হামলা চালায়, যাকে তারা ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করেছে। এর জবাবে তেহরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
এদিকে মার্কিন হামলার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে দেশটির কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এবং দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারগান শহরে বিস্ফোরণে অন্তত দুজন আহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড বৃহস্পতিবার এই ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স নিশ্চিত করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ রাখা হবে।
আইআরজিসি আরও স্পষ্ট করেছে যে এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করায় ইতিমধ্যে দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে মার্কিন সামরিক বাহিনী জাহাজ চলাচলে সহায়তা করছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, সেটিও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইরানি বাহিনী। এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/06/11/newsid-4735/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ