NABO NEWS24
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ণ

আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যায় অস্পষ্টতা, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

লেখক: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে অনেক তথ্য অস্পষ্ট রয়েছে। ফলে সরকার ওই জবাবে সন্তুষ্ট হতে পারেনি। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তা শিগগিরই নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের চরম গাফিলতির বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের রাখার জন্য মোটেও উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপ্রতুল।

এছাড়া ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও তদন্তে স্পষ্ট উল্লেখ করা হয়। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে যে, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের কোনো প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে অবস্থার অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় মারাত্মক ঘাটতি ছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের সেই জবাব পাওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের প্রস্তুতি চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/10/newsid-4716/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ