NABO NEWS24
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ণ

রাকিবের দায়ের করা মামলায় আদালতের রায়, ক্রিকেটার নাসির ও তাম্মীর মুক্তি

লেখক: নিজস্ব প্রতিবেদক

ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলা থেকে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট দশ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান। মামলায় অভিযোগ করা হয়েছিল, বাদী রাকিব হাসানকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।

একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ মো. মিজানুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে নাসির, তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়েছিল।

পরবর্তীতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত এই মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। তবে সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো ভিত্তি না পাওয়ায় আদালত সে সময় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এই দম্পতিকে মামলা থেকে সম্পূর্ণ খালাস দিলেন।

 

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/10/newsid-4708/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ