NABO NEWS24
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ণ

মাঝপথে সাক্ষাৎকার ছাড়লেন ট্রাম্প, এনবিসি-কে বললেন ‘অসৎ’

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

নির্বাচন জালিয়াতির দাবির পক্ষে প্রমাণ চাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’–এর একটি সাক্ষাৎকার মাঝপথে বর্জন করে চলে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উইসকনসিনের একটি খামারে গত শুক্রবার (৫ জুন) ধারণ করা এবং রোববার (৭ জুন) প্রচারিত এই সাক্ষাৎকারে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের কাছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপির মাধ্যমে হয়েছে’—এমন দাবির পক্ষে প্রমাণ জানতে চান। ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা শেষ হতে কয়েক দিন লেগে যাওয়াকে ট্রাম্প ‘অস্বাভাবিক’ ও ‘কারচুপি’ বলে দাবি করলে ওয়েলকার জানান, এটি সেখানকার নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।

এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প কোনো প্রমাণ দেওয়া ছাড়াই ওয়েলকার এবং পুরো সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে আখ্যা দেন। ট্রাম্প বলেন, ‘ওরা অসৎ, তুমিও অসৎ। তোমাদের সংবাদমাধ্যম অসৎ। মিট দ্য প্রেস-ও অসৎ।’ উপস্থাপক আরও প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প বলেন, ‘তুমি হয় অসৎ, নয়তো বোকা। তুমি জানো এই নির্বাচনগুলো কারচুপি করা হয়েছে। তোমাদের নেটওয়ার্কও তা জানে।’

একপর্যায়ে ওয়েলকার আরও প্রশ্ন করতে চাইলে ট্রাম্প এনবিসি-কে ‘অসৎ’ বলে সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন। তিনি নিজের গায়ের মাইক্রোফোন খুলে বলেন, ‘এখানেই শেষ করি। আমার যথেষ্ট হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।’ তখন ওয়েলকার মনে করিয়ে দেন যে, তিনি সাক্ষাৎকার নিতে উইসকনসিন পর্যন্ত এসেছেন। জবাবে ট্রাম্প বৃষ্টির কারণে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমি তোমার সঙ্গে এক ঘণ্টা বৃষ্টির মধ্যে বসেছিলাম। তোমাকে যথেষ্ট সময় দিয়েছি। তোমাদের সংবাদমাধ্যমের আচরণ ঠিক করা উচিত।’

সাক্ষাৎকারের শুরুতেও ট্রাম্পের বিতর্কিত ‘অ্যান্টি-ওয়েপোনাইজেশন ফান্ড’ থেকে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় জড়িতদের অর্থ সহায়তার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেন, দাঙ্গাকারীদের এফবিআই এজেন্টরা ক্যাপিটল ভবনে প্রবেশ করতে উৎসাহিত করেছিলেন এবং দীর্ঘ কারাদণ্ডের ভয়েই তারা দোষ স্বীকার করেছিলেন। তবে করদাতাদের অর্থ থেকে ওই ব্যক্তিদের সহায়তা দেওয়া উচিত কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। এই বিষয়ে এনবিসি নিউজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/08/newsid-4645/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ