ইসরাইলে ইরানের অভূতপূর্ব ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে ইসরাইলের পালটা বিমান হামলার পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো উপায় নেই।
সাক্ষাৎকারে ট্রাম্প নিজের একক কর্তৃত্বের বিষয়টি ফুটিয়ে তুলে বলেন, ‘সব সিদ্ধান্ত আমি নিই… তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেন না।’ মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইসরাইলের ওপর তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে একটি টেকসই সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর যে ইচ্ছা তার রয়েছে, তা বিন্দুমাত্র বদলায়নি।
চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে গত রবিবার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর জবাবে একই দিন রাতে উত্তর ইসরাইল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়ে তেহরান। হামলার পর ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে সাফ জানিয়ে দেয়, ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা তারা আর বরদাশত করবে না এবং এর অংশ হিসেবেই এই মিসাইল হামলা চালানো হয়েছে।
ইরানের এই পদক্ষেপের পর আজ সোমবার (৮ জুন) সকালে পাল্টা আঘাত হেনেছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই পালটা হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পালটাপাল্টি এই হামলা ও মার্কিন প্রেসিডেন্টের এমন কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এবং ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/06/08/newsid-4634/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ