NABO NEWS24
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ণ

রামিসা হত্যার রায় আজ, সোহেল-স্বপ্নাকে আদালতে নেওয়া হয়েছে

লেখক: নিজস্ব প্রতিবেদক

মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ রোববার। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় প্রকাশ করবেন।

রায় ঘোষণা উপলক্ষে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে এনে বর্তমানে মহানগর হাজতখানায় রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান আশা প্রকাশ করে বলেন যে, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তারা আসামিদের অপরাধ আদালতে প্রমাণ করতে পেরেছি। তিনি বিশ্বাস করেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। পরে রামিসার মা তাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন এবং আসামিদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

এই মামলার বিচারিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে। গত ২০ মে প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর ২৪ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন এবং একই দিনে ট্রাইব্যুনাল তা আমলে নেন। ১ জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ১৮ জন চার্জশিটভুক্ত সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আজ এই স্পর্শকাতর মামলার রায় দিচ্ছেন আদালত।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/07/newsid-4610/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ