NABO NEWS24
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ণ

বার্সেলোনাকে শিরোপা জিতিয়ে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় লামিন ইয়ামাল

লেখক: স্পোর্টস ডেস্ক:

লা লিগার ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গারের হাতে তুলে দেওয়া হয় ‘প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার।

পুরো মৌসুমে অসাধারণ নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন ইয়ামাল। তিনি নিজে ১৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১২টি গোল করিয়েছেন। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই বার্সেলোনা ৯৪ পয়েন্ট নিয়ে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে।

মৌসুমসেরার এই দৌড়ে ইয়ামালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এমবাপ্পে, মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল বেতিসের পাবলো ফরনালস এবং ভিয়ারিয়ালের নিকোলাস পেপে। তবে সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞদের ভোটে সবাইকে ছাড়িয়ে যান বার্সেলোনার এই তরুণ। অন্যদিকে, ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘পিচিচি ট্রফি’ জিতলেও দলগত সাফল্যে পিছিয়ে থাকায় বর্ষসেরার পুরস্কার পাননি এমবাপ্পে। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন ইয়ামাল। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন তার বার্সা সতীর্থ রাফিনিয়া।

চোটের কারণে অবশ্য ইয়ামাল মৌসুমের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি। কুঁচকি ও হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তিনি লিগে মোট ২৮টি ম্যাচে অংশ নেন। সর্বশেষ এপ্রিলের শেষ দিকে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর মৌসুমের শেষ ছয় ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হয়।

এই চোটের কারণে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত স্পেনের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই পুরোপুরি ফিট অবস্থায় মাঠে নামবেন লামিন ইয়ামাল।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/06/06/newsid-4595/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ