ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লেইং। গত ১ জুন সোমবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদি এবং মিন অং হ্লেইংয়ের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মিন অং হ্লেইং সেই সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের আয়োজন করে সামরিক জান্তা। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মিন অং হ্লেইং এবং গত ১০ এপ্রিল তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ৩০ মে শনিবার ভারতে আসেন মিন অং হ্লেইং। তাকে বহনকারী বিমানটি ভারতের বিহার রাজ্যে অবতরণ করলে সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে স্বাগত জানান। বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান বুদ্ধগয়া এবং মহাবোধি মন্দির পরিদর্শন শেষে রাজধানী নয়াদিল্লিতে আসেন মিয়ানমারের প্রেসিডেন্ট।
নয়াদিল্লিতে আসার পর তিনি প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মণিয়ম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জয়শঙ্কর বলেন, প্রেসিডেন্ট মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করে খুশি হয়েছি। মিয়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছি। দুই দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের অপেক্ষায় রইলাম।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/06/05/newsid-4552/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ