লালমনিরহাট সীমান্তের তিনটি পৃথক পয়েন্ট দিয়ে একযোগে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে সীমান্তে কড়া পাহারায় থাকা বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। আজ শুক্রবার সকালে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি ১৫ ও ৬১ ব্যাটালিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিজিবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন বড়খাতা বিওপি এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বড়খাতা সীমান্তে পুশইনের শিকার দলে ৩ জন পুরুষ ও ৮ জন নারী ছিলেন এবং পয়ষট্টিবাড়ি সীমান্তে ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন।
ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালানো হলে বিজিবির বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির অনড় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে তারা ভারতের সীমান্তের ভেতরেই অবস্থান করছে।
এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে ১৫ বিজিবির অধীনে থাকা দুর্গাপুর ও দিঘলটারী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৯২৫ এবং ৯২৭/৭ এস-এর কাছে ভারতীয় সীমান্তের ভেতরে ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি টের পান। সাথে সাথে বিজিবি সদস্যরা মাইকিং করে কঠোর সতর্কবার্তা দিলে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমান্তের ভেতরেই থমকে দাঁড়ায়। এই ১২ জনের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে পুশইনের চেষ্টা করা ৩৩ জন ব্যক্তিকেই সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া সম্ভব হয়েছে। অনুপ্রবেশের যেকোনো চেষ্টা নস্যাৎ করতে বর্তমানে লালমনিরহাট সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে লালমনিরহাট সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিএসএফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/06/05/newsid-4548/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ