NABO NEWS24
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল চিকিৎসক

লেখক: নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর খাবারের স্বাদ নেওয়ার চামচে ফুঁ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ডা. জিআরএম জিহাদুল ইসলাম রিয়াজ নামে এক চিকিৎসক। গত বুধবার থেকে এই ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা লক্ষ্য করা গেছে। একজন চিকিৎসকের এমন আচরণকে অনেকেই তোষামোদ হিসেবে আখ্যায়িত করেছেন। জানা গেছে, গত ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ডের পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করার পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের গুণগত মান যাচাই করতে রান্নাঘরে যান এবং নিজেই খাবার পরীক্ষা করেন। একপর্যায়ে তরকারি গরম থাকায় মন্ত্রী চামচে ফুঁ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করলে, তার ঠিক পাশে থাকা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. জিহাদুল ইসলাম রিয়াজও দূর থেকে একই চামচে ফুঁ দেন। এই ঘটনার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়।

অনুসন্ধানে জানা গেছে, ডা. রিয়াজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনসহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে ওএসডি হিসেবে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালন শেষে পুনরায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। এই বিষয়ে ডা. জিহাদুল ইসলাম রিয়াজ জানান যে মন্ত্রী খাবার পরীক্ষা করার সময় তরকারিটি অনেক গরম থাকায় তিনি স্বাভাবিকভাবেই সেটি ঠান্ডা করার জন্য ফুঁ দিয়েছিলেন। বিষয়টি এমনভাবে ভাইরাল হবে বা মানুষ এভাবে সমালোচনা করবে তা তিনি বুঝতে পারেননি। তিনি আরও দাবি করেন যে মন্ত্রীকে তোষামোদ করার কোনো উদ্দেশ্য তার ছিল না এবং মানুষের পাশাপাশি থাকার সময় হঠাৎ এমন কিছু অসচেতন আচরণ হয়ে যায়। তবে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে আরও সচেতন থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/04/newsid-4530/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ