ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে। হিজরি জিলহজ মাসের শেষ ও মহররম মাসের শুরুর দিকে এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিকবিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের মেট্রোপলিটনগুলোর ৫২তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে তাভাকোলিজাদেহ জানান, সর্বোচ্চ নেতার দাফনসংক্রান্ত যাবতীয় কার্যক্রমের দায়িত্ব তার ওপর ন্যস্ত করা হয়েছে।
দাফন উপলক্ষে তিন দিনব্যাপী পিপলস প্যারেড বা বিশেষ শোক মিছিলের পরিকল্পনা করা হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে মূল জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা রাজধানী তেহরানে টানা ২৪ ঘণ্টা ধরে চলবে। এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশাল এই জনস্রোত সামাল দিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
তেহরানের পাশাপাশি ইরানের কোম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজন নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য প্রদেশ থেকেও জানাজা আয়োজনের জোরালো দাবি এসেছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।
তাভাকোলিজাদেহের মতে, এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীরসহ পূর্বাঞ্চলীয় ইসলামি বিশ্বের বহু উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ শোকাহত মানুষ মাশহাদে উপস্থিত হতে পারেন।
এর আগে তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা এমন একটি বৈশ্বিক রূপ নেবে, যা ইরান ও সমগ্র মুসলিম বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইতোমধ্যে ইরাকসহ বিভিন্ন দেশ থেকে মানুষ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিবন্ধন ও প্রস্তুতি শুরু করেছে।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। তাদের স্মরণে গত সপ্তাহে তেহরানে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এর আগে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আলী খামেনি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এই পদে অধিষ্ঠিত ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/06/03/newsid-4495/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ