চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার সময় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক (২২) হাইমচর উপজেলার উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক ছোট লক্ষ্মীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরের দিকে ওই বাড়ির একটি এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা, বিল্লাল মৃধা, হাসান মৃধা ও হাবিব মৃধাসহ বেশ কয়েকজনের বাগবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে এবং পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান ওমর ফারুক।
অভিযোগ রয়েছে, এ সময় ওমর ফারুক ও তার নানার পরিবারের সদস্যদের লক্ষ্য করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় প্রতিপক্ষ। মরিচের গুঁড়ায় তারা দিশাহারা হয়ে পড়লে ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাইমচর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/06/02/newsid-4479/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ