রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি-না, সে বিষয়ে আজ ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত সিদ্ধান্ত দেবেন।
এর আগে গত ২৪ মে আদালত এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে প্রস্তুত করা এই অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার সরাসরি অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরদিন শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান আসামি সোহেল রানা ইতোমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/06/01/newsid-4440/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ