বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আমিনা বেওয়া নামে এক নারীর নির্মম মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেওয়া ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আকস্মিক বৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যান আমিনা বেওয়া। এ সময় ঝড়ের তীব্রতায় একটি আমগাছের বিশাল ডাল ভেঙে সরাসরি তার ওপর পড়ে। ডালের আঘাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ায় ওই নারীর মৃত্যু হয়েছে।
সকালের এই কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। বিশেষ করে গাবতলী মহিলা কলেজের টিনের চালা ও বেড়া উড়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়ি ও প্রকৃতির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/uncategorized/2026/05/25/newsid-4371/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ