রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রামিসাকে ধর্ষণ ও হত্যার পর আসামিকে মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতারের পর আসামি একদিনের মধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নাম আসায় তাকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদালতের অনুমতি নিয়ে দ্রুততম সময়ে ডিএনএ টেস্ট করানো হয়েছে। তিন দিনের মধ্যে সেই টেস্টের কাজ শেষ করে গতকাল বিকেলে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টও হাতে পেয়েছে পুলিশ। এসব তথ্য-প্রমাণ একসঙ্গে করে গত রাতেই চার্জশিট প্রণয়নের কাজ শেষ হয়েছে এবং আজ তা আদালতে সোপর্দ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আদালত সামনে ছুটিতে গেলেও এই মামলার স্বার্থে প্রধান বিচারপতি বিশেষ আদালতের ছুটি বাতিল করার চিন্তা করছেন, যা আইন মন্ত্রণালয় তদারকি করছে। এছাড়া এই মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে।
রামিসা হত্যাকাণ্ডের পর কলাবাগানেও একই ধরনের ঘটনা ঘটার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান যে, সরকার কি অপরাধীদের কাছে সঠিক বার্তা দিতে পারছে না? এর জবাবে মন্ত্রী একে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এখানে সমাজ সংস্কারের দরকার। আমাদের ধর্মীয় ও নিজস্ব সংস্কৃতির ভিত্তিতে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা প্রয়োজন। কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে এবং ধর্ষণের এই মাত্রা এখন আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, সরকার হিসেবে আইনানুগ ব্যবস্থা ও দ্রুত বিচার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। গত তিন মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে। ভবিষ্যতেও এই জাতীয় যেকোনো ঘৃণ্য অপরাধের আসামিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/05/24/newsid-4344/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ