নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার নাজিরগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আটপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার ৭ নং সুখারি ইউনিয়নের বালাইজ গ্রামের সজলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মাদক মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন মিজানুর রহমান। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছিল পুলিশ।
শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইদুল আলমের সার্বিক নির্দেশনা ও নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। অভিযানে অংশ নেন এএসআই সাত্তার এবং কনস্টেবল হাবিব।
অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মিজানুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে ধাওয়া করে নাজিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
আটপাড়া থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে আটপাড়া থানা পুলিশ জানায়:
“মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই চিরুনি অভিযান। উপজেলায় মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশের এই বিশেষ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”
এদিকে মিজানুর রহমানের গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। মাদকের বিস্তার রোধে আটপাড়া থানা পুলিশের এমন ধারাবাহিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/05/24/newsid-4334/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ