NABO NEWS24
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ

ঝিনাইদহে এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা

লেখক: নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে, পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।” এছাড়া হামলাকারীরা তাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও তিনি দাবি করেন। ঘটনার পর তারা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং ছাত্রদল, যুবদল ও বিএনপি থানার সামনে আবারও হামলার জন্য জড়ো হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে কিছু যুবক ডিম ছুড়ে মেরে অতর্কিত হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন।

এই ঘটনার পর এনসিপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/05/22/newsid-4292/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ