NABO NEWS24
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ

রামিসা হত্যাকাণ্ডে শাকিব খানের তীব্র ক্ষোভ, চাইলেন দৃষ্টান্তমূলক বিচার

লেখক: বিনোদন ডেস্ক:

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের নৃশংসতায় দেশজুড়ে তীব্র ক্ষোভ, শোক ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সরব হয়েছেন। এবার এই জঘন্য অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনেতা রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শাকিব খান লেখেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!’ তিনি মনে করেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংসতা আমাদের সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে এই নায়ক বলেন, ‘এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের মানসিক যন্ত্রণা আরও দীর্ঘ করা।

আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে শাকিব খান আরও লেখেন, এখনই সময় এমন কার্যকর ব্যবস্থা নেওয়ার, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়। সমাজকে এমনভাবে সুরক্ষিত করতে হবে যেন আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয়—‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই!’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/05/22/newsid-4283/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ