NABO NEWS24
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ণ

শিশু রামিসার বাবার ক্ষোভ অমূলক নয়, মন্তব্য আইনমন্ত্রীর

লেখক: নিজস্ব প্রতিনিধি:

দেশের বিচার ব্যবস্থা নিয়ে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার করা মন্তব্যকে অমূলক নয় বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া কিংবা ঢাকার রামিসার মতো ঘটনাগুলো আমাদের মানবতাকে প্রশ্নবিদ্ধ করে। এমন জঘন্য অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে পারে না। আছিয়ার মামলায় এখনও ফাঁসি কার্যকর হয়নি উল্লেখ করে তিনি বলেন, রামিসার বাবা যে হতাশা প্রকাশ করেছেন, তার একমাত্র জবাব হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটিকে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি। আছিয়ার মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল এবং এক মাসে বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছিল। কিন্তু তা পুরোপুরি কার্যকর করা সুপ্রিম কোর্টের এখতিয়ার, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। তবে বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য যা কিছু করার, আমরা তা করব।

বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, রামিসার বিচারের ক্ষেত্রে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। রাজনৈতিক বা অন্য কোনো বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করার প্রশ্নই আসে না। আজ সিদ্ধান্ত হয়েছে যে, এই মামলার বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে এবং প্রসিকিউশন টিম এটিকে অগ্রাধিকার বা ফাস্ট ট্র্যাকে নেবে। একই সাথে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মস্তকবিহীন দেহ এবং খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামি সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

দীর্ঘ ১৭ বছর ধরে পল্লবীতে বসবাস করা এবং পেশায় রিক্রুটিং এজেন্সির কর্মী আবদুল হান্নান মোল্লা একমাত্র মেয়েকে হারিয়ে চরম ক্ষোভ ও আহাজারি প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্যে তিনি দেশের বিচার ব্যবস্থার প্রতি হতাশা প্রকাশ করে বলেছিলেন, তিনি কোনো বিচার চান না কারণ অতীতে এমন কোনো দৃষ্টান্ত নেই। ১৫ দিন পর নতুন কোনো ঘটনা এলে এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে বলেও ক্ষোভ জানান তিনি। তার এই চরম আকুতি ও হতাশার প্রেক্ষিতেই আইনমন্ত্রী আজ এই মন্তব্য করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/05/21/newsid-4266/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ