NABO NEWS24
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

লেখক: নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ায় চোর সন্দেহে আল আমিন শেখ নামের ২৫ বছর বয়সী এক ব্যাটারিচালিত রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার (২১ মে) সকালে মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকারের ঘর থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিন শেখ স্থানীয় মধ্য মিয়াপাড়া এলাকারই বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে কামরুল ও তার সহযোগীরা সন্দেহ করেন যে এই চুরির পেছনে আল আমিন জড়িত। এরপর বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে দফায় দফায় অমানুষিক মারধর করা হয়।

এদিকে ছেলে নিখোঁজ থাকায় আল আমিনের মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বুধবার রাতে তিনি অভিযুক্ত কেয়ারটেকার কামরুলের বাসায় যান। সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করার পর কামরুলের ছেলে দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং বাথরুমের মধ্যে তার ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত কেয়ারটেকার কামরুল ঠাকুর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, চুরির অপবাদ দিয়ে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে মারধরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/05/21/newsid-4249/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ