রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। এই চিকিৎসাকেন্দ্রটির নতুন নাম রাখা হয়েছে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল। গত মঙ্গলবার ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নামে নামকরণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনের অনুলিপি এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/rajdhani/2026/05/20/newsid-4234/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ