অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন, সরকারের একাধিক ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই পরিস্থিতির জন্য তিনি কিছু কাঠামোগত ও রাজনৈতিক কারণকে দায়ী করেছেন। স্ট্যাটাসের শুরুতে তিনি মন্তব্য করেন, লীগ রাজনৈতিক দলের আগে একটি ধর্মতত্ত্ব এবং সেই ধর্মতত্ত্বে বিশ্বাসীদের ইমান আবার ফেরত এসেছে।
তার মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর প্রবণতা যেদিন থেকে শুরু হয়েছে, সেদিনই লীগের প্রত্যাবর্তন শুরু হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলানির্ভরতার কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার যেদিন রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলাতান্ত্রিক হয়ে পড়েছে এবং জামাত-বিএনপি বা লীগের ছুপা দালালদের নিয়ে গঠিত কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, তখনই লীগের পথ সুগম হয়েছে। এছাড়া ডানপন্থী উগ্রবাদের উত্থান, মাজারে হামলা, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া এবং হিন্দুদের ওপর নিপীড়নের সময় মজলুমদের চুপ থাকার ঘটনাগুলোকেও তিনি দায়ী করেন।
মাহফুজ আলম ছাত্র আন্দোলনের বিপ্লবী সম্ভাবনা নষ্ট হওয়া নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ছাত্ররা যখন বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর উচ্ছৃঙ্খল জনতায় রূপ নিয়েছিল, তখনই লীগের ফিরে আসা নিশ্চিত হয়েছে। একই সাথে নির্বাচনি বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচার প্রক্রিয়াকে কম্প্রোমাইজ করে বিএনপি-জামাতের দরকষাকষির হাতিয়ার বানানো এবং জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া আমলাতন্ত্র ও কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে তুলে দেওয়াকে তিনি সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। স্ট্যাটাসের শেষে তীব্র বিদ্রূপাত্মক সুরে তিনি লেখেন যে লীগ ফেরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমের।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/05/20/newsid-4211/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ