NABO NEWS24
প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ণ

ডিএমপির নতুন কমিশনার সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ

লেখক: নিজস্ব প্রতিনিধি:

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বা সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের বা ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার ১৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ১৬ মার্চ সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর ২৫ মার্চ দায়িত্ব নিয়েছিলেন মোসলেহ উদ্দিন আহমদ। এরপর গত বুধবার তাকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও নির্বাচিত করা হয়। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে পুলিশ প্রশাসনে নানান আলোচনা চলছিল, যেখানে র‍্যাবের এডিজি ফারুক আহমেদের নামও শোনা যাচ্ছিল।

গত প্রায় দুই মাস ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৪ মে সরোয়ার স্বাভাবিক অবসরে যান। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন তিনি।

পেশাগত জীবনে মোসলেহ উদ্দিন আহমদ ঢাকা মহানগর পুলিশ ও চট্টগ্রাম মহানগর পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুরেও একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/05/18/newsid-4165/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ