সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। কায়সার হামিদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মেয়ের অকাল প্রয়াণে শোকগ্রস্ত কায়সার হামিদ ফেসবুকে আবেগঘন একটি বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’ এ সময় তিনি মেয়ের কোনো ভুলত্রুটি বা কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান এবং দুঃসময়ে পাশে থাকা ও দোয়া করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তী আরেকটি পোস্টে কায়সার হামিদ লেখেন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে এবং মৃত্যু যে অনিবার্য তা আমাদের সবাইকে মেনে নিতে হবে। তিনি উল্লেখ করেন, তারা দিন-রাত মহান আল্লাহর দরবারে কারিনার জন্য দোয়া করেছিলেন। অত্যন্ত ব্যথিত হৃদয়ে তিনি সান্ত্বনা খুঁজে নেন এই ভেবে যে, মহান আল্লাহ হয়তো আর তার মেয়েকে কষ্ট দিতে চাননি, তাই নিজের রহমতের ছায়ায় তুলে নিয়েছেন। সরল, হাসিখুশি ও সুন্দর মনের কারিনাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার ও ভক্তদের এই অসহনীয় শোক সহ্য করার তৌফিক দেন, সেই প্রার্থনাও করেন তিনি।
তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন, শোবিজ জগৎসহ সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2026/05/16/newsid-4083/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ