একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে দাফনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। তাকে বনানী কবরস্থানে তার মায়ের কবরে সমাহিত করা হবে এবং আপাতত বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে।
এর আগে গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধার অভাবে পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে আবার অবনতি হয় এবং সোমবার রাতে তিনি চিরবিদায় নেন।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক বহুমুখী প্রতিভা। তিনি একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তার অবদান অনস্বীকার্য। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2026/05/12/newsid-3993/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ