স্বপ্ন ছিল নতুন মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার, কিন্তু সেই স্বপ্নই কাল হলো মেধাবী স্কুলছাত্র শুভ মিয়ার (১৪) জন্য। ময়মনসিংহের ভালুকা থেকে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে নান্দাইলের কানারামপুর সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে।
নিহত শুভ মিয়া নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড (নেত্রকোণা মোড়) এলাকার ‘শুভ টেলিকম’-এর স্বত্বাধিকারী রিপন মিয়ার বড় ছেলে। সে কেন্দুয়া সায়মা-শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) ভালুকার একটি শোরুম থেকে নতুন মোটরসাইকেল কিনে শুভর বড় ভাই স্থানীয় সাগুলী গ্রামের বাসিন্দা ও বর্তমান এসএসসি পরীক্ষার্থী “পরশ” এর সাথে বাড়ি ফিরছিল শুভ। রাত আনুমানিক ৯টার দিকে নান্দাইলের কানারামপুর ও চরশ্রীরামপুর মধ্যবর্তী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল পরশ এবং শুভ তার পিছনে বসা ছিল। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী পরশ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
নিহত শুভ মিয়ার বাবা রিপন মিয়া কেন্দুয়ার একজন পরিচিত ব্যবসায়ী। তাঁর বড় ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/05/11/newsid-3968/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ